চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংসতা ও তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (৯ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালত ৬ সপ্তাহের জন্য জামিন আদেশ স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে হাটহাজারীর তাণ্ডবের ঘটনায় গত ১৪ মে গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।
ওই দিন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে শাহজাহান চৌধুরীকে আটক করা হয়। গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এসময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় ৪ জন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা দায়ের করে পুলিশ।
পরে গত ১৫ জুলাই শাহজাহান চৌধুরী হাইকোর্ট থেকে জামিন পান। তবে সে জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।