বিবাহসূত্রে বাংলাদেশে অবস্থান করা এক ভারতীয় নাগরিককে তার শিশু সন্তানসহ আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৬ আগস্ট তাদেরকে হাজির করতে গুলশান থানা পুলিশকে বলা হয়েছে।
এ সম্পর্কিত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৯ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, ব্যারিস্টার কাজী মারুফুল আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
মামলার বিবরণী থেকে জানা গেছে, বিয়ে সংক্রান্ত ভারতীয় একটি ওয়েবসাইট থেকে হায়দারাবাদের মুসলিম পরিবারের মেয়ে সাদিকা শেখ নামে এক নারী বারিধারার এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তানকে পছন্দ করেন। ২০১৭ সালে হায়দারাবাদে তাদের বিয়ে হয়। বিয়ের পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে তারা বসবাস শুরু করেন। এর কয়েক মাস পর তারা ঢাকায় চলে আসেন।
পরে ওই দম্পতি এক পুত্র সন্তানের জন্ম দেন। এক পর্যায়ে তাদের সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ ওঠে। ভারতের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিষয়টি ভারতে মেয়েটির আত্মীয়-স্বজনরা জানতে পারেন। তাদের পরিবারের পক্ষ থেকে প্রথমে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়। তবে কোন সমাধান না পেয়ে মেয়েটির বোন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল এন্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান।
পরে গত ৮ আগস্ট সাদিকা শেখ ও তার শিশু সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে ফ্লাডের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক লুলান চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত তাদের হাজির করার আদেশ দিলেন।