মশা নিয়ন্ত্রণে অভিযান

ধানমন্ডির নর্দার্ন হাসপাতালসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডি ১৫ নম্বরস্থ নর্দার্ন হাসপাতাল, নির্মাণাধীন ভবন, বাসা-বাড়িসহ ১১ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ অগাস্ট) দক্ষিণ সিটি করপোরেশনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) এ জরিমানা আদায় করেন।    

দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর ধানমন্ডি ও বাংলামোটরে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর এজিবি কলোনি ও ওয়াসা কলোনিতে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর কামরাঙ্গীরচরের মাতবর বাজারে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর উত্তর ও পশ্চিম যাত্রাবাড়ীতে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া এবং জুরাইনের আলমবাগে শাহিন রেজা, অঞ্চল-৮ এর ডেমরার বাউনিয়া জুট মিল ও ডেমরা মহিলা কলেজে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-১০ এর শেখদী, শনির আখড়া গোবিন্দপুর এলাকায় বিকাশ বিশ্বাস এসব অভিযান পরিচালনা করেন। 

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মধ্যে অঞ্চল-১ এর মেরীনা নাজনীন ধানমন্ডি, হাতিরপুল, সোনারগাঁও ও কলাবাগানে এবং অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় মোট এক হাজার ১১৮টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ১১টি মামলায় সর্বমোট এক লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।  

অভিযান প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, ‘আজকের অভিযানে আমাদের লোকবলকে মোট ৮টি উপদলে বিভক্ত করে আট শতাধিক বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেছি। এ সময় বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় নর্দার্ন হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতালের মতো জায়গায় যদি এ ধরনের পরিবেশ বিরাজ করে তবে তা জনস্বাস্থের জন্য শুভ বার্তা হতে পারে না। তাই নর্দার্নকে জরিমানার মাধ্যমে অন্যান্য হাসপাতালগুলোকেও আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই। দয়া করে আপনারা আপনাদের ছাদ ও বেজমেন্টে নজর দিন। মশার লার্ভা জন্মাতে পারে এমন পরিবেশ বিরাজ করলে তবে সেসব উৎস ধ্বংস করুন।’ 

এছাড়াও অভিযানকালে আরও ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং সেসব বাড়ির মালিককে সতর্ক করা হয়।