প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুয়া এপিএস পরিচয়, মন্ত্রণালয়ের জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পাওয়ার দাবি করে আসছিলেন শান্তা চৌধুরী নামে এক নারী। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে ওই নারীর দাবি মিথ্যা এবং বানোয়াট বলে রমনা থানায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির।

মন্ত্রণালয় জানায়, শান্তা চৌধুরী (https://www.facebook.com/ santa.chowdhury.75248) নামে এক নারী ‘প্রবাসী কল্যাণ মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছে’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার (১১ আগস্ট) একটি পোস্ট দিয়েছে, যা ভিত্তিহীন ও বানোয়াট একটি তথ্য। বিষয়টি আমাদের নজরে এসেছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, শান্তা চৌধুরী নামের কাউকে  মন্ত্রী চেনেন না এবং তাকে তার এপিএস হিসেবে নিয়োগও দেননি।

আহমদ কবির জানান, মোহাম্মদ রাশেদুজ্জামানকে ২০১৯ সালের ২৩ অক্টোবর  মন্ত্রী তার এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

তিনি আরও  জানান, ইতোমধ্যে শান্তা চৌধুরী কর্তৃক এপিএস হিসেবে ভুয়া পরিচয়দানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় বৃস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।