ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের বিষয়ে শুনানি ছিল আজ বুধবার। কিন্তু পরীমণির আবারও পাঁচ দিনের রিমান্ড চাওয়ায় শুনানির জন্য আদালত আগামীকাল (বৃহস্পতিবার) ধার্য করেন।
বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সৌরভীসহ আরও অনেকে জামিনের জন্য শুনানি করতে আসেন। কিন্তু আদালতের বিচারক তাদেরকে বলেন, যেহেতু পরীমণির আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে তাই আজকে শুনানি করা সম্ভব না। পরবর্তী সময়ে আদালত রিমান্ড ও জামিনের শুনানি জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
আদালত থেকে বের হয়ে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা আজকে পরীমণির জামিনের বিষয়ে শুনানির জন্য আদালতে এসেছি। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরীমণির আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করার কারণে আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামীকাল ধার্য করেছেন।
তিনি বলেন, তৃতীয়বারের মতো ৫ দিনের রিমান্ড চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, কিন্তু আমরা সেটার কপি এখনও হাতে পাইনি। তবে আমরা আদালতের বিচারকের কাছ থেকে জানলাম যে পরীমণির বিরুদ্ধে ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাই আজকে জামিন শুনানি করা সম্ভব নয়। আগামীকাল দেখবো এবং সুস্পষ্ট বক্তব্য প্রধান করবো। কেন তারা বার বার রিমান্ড চাচ্ছেন এবং কী তাদের প্রয়োজন। কী এমন আর বিষয় আছে যার কারণে পরীমণিকে বার বার রিমান্ডে নিতে হবে। সেটা আমরা কালকের শুনানিতে বলবো।
তিনি আরও বলেন, আপনারা জানেন- মাদকের এই ধরনের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ৫ বছরের হয়। এই ধরনের একটা মামলায় তাকে বার বার রিমান্ডে নেওয়ার কোনও প্রয়োজন আমি মনে করি না।
এর আগে গত সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করলে আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন বুধবার ধার্য করেন।
এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মুজিবুর রহমানসহ আরও অনেকে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
এর আগে ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।