মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন কাজী আল জাহিদ এবং সাইদ আব্দুস সানি।
শুক্রবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এ দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন মঙ্গলবার (১৭ আগস্ট) স্বামী শাহরিয়ার মাকসুমের কাছে হোয়াটসঅ্যাপে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাজরুনা হোসেন নেভী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হোয়াটসঅ্যাপে তাজরুনা হোসেন নেভীর স্বামী শাহরিয়ার মাকসুমকে আসামিরা ফোন দিয়ে জানান, মডেল পিয়াসা এবং মৌয়ের সঙ্গে তার (নেভির স্বামী) ঘনিষ্ঠ কিছু ডকুমেন্ট তাদের কাছে আছে। ৩ লাখ টাকা চাঁদা না দিলে সেগুলো স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। ইতোমধ্যে আসামিদের সহযোগীরা শাহরিয়ার মাকসুমের ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে মামলার অভিযোগে।