নোয়াখালী থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আমির হামজা আটক

র‌্যাবের অভিযানে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে কথিত শীর্ষ সন্ত্রাসী আমির হামজার নাহিদকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক করা হয়েছে। র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন জুনদপুর বাজার থেকে তাকে আটক করে। 

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, আটককৃত আসামি নোয়াখালী এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি অস্ত্রের বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধভাবে তিনি এই অস্ত্রের ব্যবহার করে আসছিলেন।

আটককৃতের বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।