উত্তরবঙ্গের পলাশবাড়ী থেকে পীরগঞ্জ পর্যন্ত ৪৮ কিলোমিটার নির্জন মহাসড়ক ডাকাতির হটস্পট। গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওই এলাকায় একটি চক্র অন্তত ৮টি বাসে ডাকাতি করেছে। এরমধ্যে বাসচালককে হত্যার ঘটনাও ঘটেছে। চক্রটি পীরগঞ্জে ডাকাতি করে ফের ঢাকার আশুলিয়ায় ফিরে আসে।
গত ৩১ আগস্ট রাতে র্যাব রংপুরের পীরগঞ্জের একটি বাস ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পায়।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।
গত ৩১ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস রংপুর জেলার পীরগঞ্জে ডাকাতির শিকার হয়। যাত্রীবেশে ডাকাতরা বাসে ওঠে চালক মনজুর হোসেনকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। চালক মনজুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় বাসের সুপার পইমুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, "এই ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গগামী বাসে পরিকল্পনা করে ডাকাতি করতো। তারা গত ডিসেম্বর থেকে ৭/৮ টি ডাকাতি করেছে। পলাশবাড়ী থেকে পীরগঞ্জ ৪৮ কিলোমিটার মহাসড়ক নির্জন এলাকায় তারা ডাকাতি করতো।"
চক্রটি গত ১৮ ডিসেম্বর একই এলাকায় রত্না স্পেশাল, ১ জানুয়ারি সটিবাড়ি স্পেশাল, ১২ জানুয়ারি সৈকত পরিবহনে, ৮ মার্চ শ্যামলী পরিবহনে, ৪ এপ্রিল জায়দা পরিবহন এবং ১৯ আগস্ট ডিপজল পরিবহনে ডাকাতি করে। চক্রটি রংপুরের পীরগঞ্জে ডাকাতি করে ফের ঢাকার আশুলিয়া ফিরে আসে।
গ্রেফতার ডাকাত সর্দার নয়ন চন্দ্র রায় পোশাক কারখানায় কাজ করতেন। কখনও কখনও তিনি অটো চালাতেন। রিয়াজুল ট্রাক চালক। তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।