ঢাকায় প্রতিদিন উদ্ধার হয় চার মাদক, আজও গ্রেফতার ৫৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। গত এক সপ্তাহের ডিএমপির মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদক পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিদিনই ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার হয় এই মহানগরীতে। নিয়মিতই এসব মাদক পাওয়া যাচ্ছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৪৪৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম ২৯৭ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬০০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।