সিআইডি কর্মকর্তা আকসাদুদ ফের রিমান্ডে

বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে গ্রেফতার সিআইডির মেট্রো (পূর্ব) বিভাগে সেই উপ-পরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ সেপ্টেম্বর রংপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের বিমানবন্দর জোনাল টিম।

গত বছরের ১৯ আগস্ট রাজধানীর টিকাটুলী থেকে সিএনজিযোগে বিমানবন্দর যাচ্ছিলেন মাদারীপুরের বাসিন্দা রোমান। বিমানবন্দরের পাশে কাউলা এলাকায় ব্যারিকেড দিয়ে তাকে বেধড়ক মারধর করে লাগেজসহ গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তাকে গাড়িতে তুলে হাতে হাতকড়া পরানো। তার কাছ থেকে নগদ অর্থ লুটে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন ২০ আগস্ট বিমানবন্দর থানায় রোমান নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।