যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেকারের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত অভিযোগ গঠনের শুনানি জন্য নতুন এ দিন ধার্য করেন।
গত বছরের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন। ২০১৯ সালের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আ. হালিম।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৭ অক্টোবর র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় দুটি মামলা দায়ের করেন।