রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ তাহের নামে আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শাহবাগ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে শাহবাগ মোড় থেকে গ্রেফতার করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।
সাবেক এমপি আওয়ালের আলীনগর প্রজেক্টের কার্যক্রম (বাউন্ডারি গেট ও পিলার) পরিচালনার সময় ভিকটিম সাহিনুদ্দিনের তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ দেন আওয়াল। আওয়ালের নির্দেশনা মোতাবেক সুমনের নেতৃত্বে পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী এ কাজের জন্যে ২০ হাজার টাকা দেওয়া হয় সন্ত্রাসীদের। গত ১৬ মে বিকালে সন্ত্রাসীরা জায়গা-জমির বিরোধ মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা রুজু করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে এজাহারের ৯ জন এবং তদন্তে পাওয়া ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।