রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য, জঙ্গি সম্পৃক্ততা ও হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্তের নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পদক্ষেপ গ্রহণে আর কোনও বাধা থাকছে না।
মঙ্গলবার (৫ অক্টোবর) মামলার রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং উচ্চ আদালতে রিটকারী আট জনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানানো হয়। তবে আদালত আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরসহ কয়েকজনের বিরুদ্ধে ভুক্তভোগী আট ব্যক্তির পক্ষে অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিটকারীদের মধ্যে শিশু, নারী, মুক্তিযোদ্ধার সন্তান, মাদরাসার শিক্ষক ও ব্যবসায়ী রয়েছেন। তাদের প্রত্যেকে রাজারবাগ দরবার শরীফের পীর ও তাদের মুরিদদের হয়রানিমূলক মামলার শিকার।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও আইজিপিসহ মোট ২০ জনকে বিবাদী করা হয়।