যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে মাদকসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, আইস মাদকসহ পাসপোর্ট জব্দ করা হয়।
আটক রাকার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। রাকার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত কন্টেন্ট প্রচারের জন্য সমালোচিত।
রাকাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি। চক্রটি দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত ছিল। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা অপপ্রচার চালাচ্ছিল।
রাকার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।