পায়ে পচন নিয়ে রাজধানীর ফুটপাতে পড়ে ছিলেন খোকন। খবর পেয়ে সেই খোকনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে গাজীপুরে গিভ অ্যান্ড সি বয়স্ক কেন্দ্রে তার পুনর্বাসনের ব্যবস্থাও করা হয় হয়। সেই খোকনের খোঁজ খবর নিয়ে এলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।
এসময় খোকন এবং তার রুমে থাকা সকলের জন্য খাবার, ফতুয়া, লুঙ্গি, খেজুর, বিস্কুট উপহার দেন। আর ওই প্রতিষ্ঠানে বসবাসরত বিভিন্ন বয়সের প্রায় ১৭৭ জনের মাঝে খেজুর বিতরণ করেন।
বুধবার (৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানান এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান।
তিনি বলেন, এদিন পুনাকের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার জন্য সকালে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে গাজীপুর জেলা পুনাক ভবন উদ্বোধন করেন সভানেত্রী জীশান মীর্জা।
এ সময় তিনি বলেন, গাজীপুরে পুনাক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। তিনি পুনাকের প্রতিটি সদস্যকে মানবতার সেবায় এগিয়ে এসে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটি এবং গাজীপুর জেলা পুনাকের নেতারা উপস্থিত ছিলেন।