ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।
সোমবার (১১ অক্টোবর) জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী। আবেদনটির ওপর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। পরে গত ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণার অভিযোগে এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে মামলা হয়। এসব মামলায় হেলেনা জাহাঙ্গীরকে বেশ কয়েকদফা রিমান্ডে নেয় পুলিশ।