জবি শিক্ষিকার মৃত্যুতে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শিশু সন্তানের রিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলীর (৩৫) মৃত্যুর ঘটনায় ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট জমা পড়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভকে বাদী করে এই রিট দায়ের করা হয়।

রিট অনুযায়ী, বাবলীর মৃত্যুতে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলাকে দায়ী করা হয়েছে। একইসঙ্গে মৃত্যুর ঘটনা তদন্তে নির্দেশনা চেয়েছে বাদী পক্ষ। এছাড়া এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরের কারণে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর পরদিন (২১ জুন) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। 

গত ৭ জুলাই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সাঈদা নাসরিন বাবলী। তিনি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী।