নারায়ণগঞ্জে পাঁচ হত্যা: সাত দিনের রিমান্ডে ভাগ্নে

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে দুই শিশুসহ একই পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত নিকটাত্মীয় (নিহত মোরশেদুলের ভাগ্নে) মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে গ্রেফতারকৃত মাহফুজকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে হাজির করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, পাঁচজনকে হত্যার ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করা হয়। এছাড়া নিহত তাসলিমা ও মোরশেদুলের খালাতো ভাই দেলোয়ার হোসেন ও শাহাদাতকেও পুলিশ আটক করে। রবিবার সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে তাদেরকে সন্দেহ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিনে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন। 

আটক মাহফুজ নিহত মোরশেদুলের কারখানায় কাজ করতেন। আদালতকে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যাপারে আমি কিছুই জানিনা। আমাকে মারধর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

/এইচকে/