কক্সবাজারের পেকুয়ায় পূজামণ্ডপ ও হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
আসামিরা হলেন— কক্সবাজারের পেকুয়া সদরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ এবং বিএনপি সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী মো. শাহনেওয়াজ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে গত ১৩ অক্টোবর কক্সবাজারের পেকুয়ায় পূজামণ্ডপ ও হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় গত ১৫ অক্টোবর মামলা হয়। সেই মামলায় আসামিরা গত ২৮ অক্টোবর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের সেই আবেদনের শুনানি নিয়ে চার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন চেম্বার আদালত।