আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি ভাড়ার পর চালককে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এই তথ্য জানান সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজাদ রহমান।
রাজধানীর রামপুরা ও কেরানীগঞ্জ এলাকায় বুধবার (৩ নভেম্বর) সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের এএসপি দেলোয়ার আহমদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো মোহাম্মদ সোহেল রানা, জামাল ভূঁইয়া ও জামাল শিকদার। তাদের কাছ থেকে একটি এলিয়ন প্রাইভেটকার, ৫০টি ওমানের ডলার এবং পাঁচ পাতা চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজাদ রহমান বলেন, ‘এই চক্রের সদস্যরা সিআইডি এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতো। পরবর্তী সময়ে ড্রাইভারকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে কিংবা চোখে মলম লাগিয়ে নির্জন স্থানে ফেলে রেখে প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি ছিনতাই করতো। এছাড়া বিদেশি মুদ্রা বিক্রির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে গাড়িতে তুলে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নির্জন স্থানে ফেলে রেখে যেতো।’
চক্রটি রাজধানীর মিরপুর, মাওয়া এবং কেরানীগঞ্জ এলাকায় বেশ কয়েকটি ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।