জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ প্রতিপালন করে মাস্টার রোলে নিয়োগ পাওয়া চালকদের স্থায়ী নিয়োগ না দেওয়ায় জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মাস্টার রোলে নিয়োগ পাওয়া ৪৬৬ চালকের নিয়োগ কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজিম, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান ও পরিচালক (সড়ক) মোহাম্মদ মাহবুব শাহীনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে রবিবার (৭ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করের অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা।

এর আগে মাস্টার রোলে নিয়োগ পাওয়া কয়েকজন চালককে স্থায়ী নিয়োগ না দেওয়ায় ২১ জন চালক ২০১২ সালে রিট দায়ের করেন। ওই রিটে জারি করা রুল শুনানি শেষে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তাদের নিয়োগে রায় দেন হাইকোর্ট। আইন অনুসারে শুন্যপদের বিপরীতে ৩০ দিনের মধ্যে এ নিয়োগ দিতে বলা হয়। পরে সরকার আপিল বিভাগে আবেদন করলে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন।

পরে তারা রিভিউ করেন। সেটিও ২০১৯ সালের  ৬ জানুয়ারি খারিজ করে দেন আপিল বিভাগ। এর মধ্যে দুজন চালক মৃত্যুবরণ করেন। 

পরে চলতি বছরের ৭ জানুয়ারি অধিদফতর থেকে নতুন করে চালক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৫তম গ্রেডে ২৮০ জন এবং ১৬তম গ্রেডে ১৮৬ জনের জন্য আবেদন পত্র আহ্বান করা হয়। কিন্তু এতদিনেও মাস্টার রোলের চালকদের রায় বাস্তবায়ন না হওয়ায় ১৯ চালক আদালত অবমাননার আবেদন করেন।  

সে আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন। একইসঙ্গে ৭ জানুয়ারির ৪৬৬ চালক নিয়োগে দেওয়া বিজ্ঞপ্তির অংশবিশেষ ২ মাসের জন্য স্থগিত করেছেন আদালত।