দুই মামলায় কনক সারোয়ারের বোনের জামিন আবেদন

ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

রবিবার (৭ নভেম্বর) রাকার আইনজীবী মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। পরে র‌্যাব সদস্যরা জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব। 

এদিকে গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।