রাজধানীর প্রগতি সরণি এলাকায় চলন্ত বাস থেকে ১০ বছরের শিশুকে ফেলে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলো বাসচালক ও হেলপার। শুক্রবার (১২ নভেম্বর) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হত্যাকাণ্ড সেই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।
গত ৯ নভেম্বর প্রগতি সরণি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা ১০ বছরের একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।