বদির বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে বুধবার সাক্ষ্য দিলেন আরও চারজন।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তাদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
চার সাক্ষী হলেন- মামলার রেকর্ডিং অফিসার এসআই নাজমুল আহসান, কক্সবাজারের টেকনাফ থানার উপ-কর কমিশনের উচ্চমান সহকারী ইয়াসিন আরাফাত, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার শাহজাহান মনির ও সোনালী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার ওসমান গনি।
এ নিয়ে মোট ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এ মামলায় মোট ১২ জন সাক্ষীর নাম রয়েছে।
২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, বদি জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।

 

/টিএইচ/এফএ/আপ-এনএস/