যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল বাকলাই (৬০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মোস্তফা কামাল জানান, মৃত ব্যক্তি শ্যামলী পরিবহনের হেলপার‌। সকালে  তাদের গাড়িটি চট্টগ্রাম থেকে ঢাকায় প্রবেশের সময় মাতুয়াইল এলাকায় অন্য একটি গাড়ি তাদের পরিবহনটিকে  পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের হেলপার বাবুল গাড়ি থেকে নেমে তাদের পরিবহনটি দেখতে যায় কোনও ক্ষতি হয়েছে কিনা। এ সময় পেছন থেকে তাকে অপর একটি যান ধাক্কা দেয়। রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের ছোট বোন শিরিন আক্তার জানান, পুলিশ থেকে দুর্ঘটনার খবর পেয়ে থানায় এসে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহত বাবুল বাকলাই ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে মতিঝিল দক্ষিণ কমলাপুরে থাকতেন তিনি। তার পরিবার থাকে গ্রামের বাড়িতে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এক ছেলে ও এক মেয়ের জনক বাবুল।