হাফ পাস ভাড়া দিতে চাওয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আসামিরা হলেন- ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।
বুধবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত দুই আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, শনিবার (২০ নভেম্বর) শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে উঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ ও গালাগাল করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।