ফাস্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাকে হাইকোর্টে তলব

ঋণ দেওয়ার বিষয়ে করা মামলায় ফাস্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেডের দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টার সময় আদালতে এসব ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট  আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লুৎফর রহমান। ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে লালমাটিয়ার গ্রিন টেক সার্ভিসের স্বত্বাধিকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এই রিট দায়ের করেন। রিট আবেদনকারীর দাবি, ২০১৭ সালে একটি  ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট ব্যাংক তাকে জানায় যে, তার নামে একটি মুদারাবা ঋণ হিসাব চলমান। পরে তিনি জানতে পারেন– তার আগের কর্মস্থলের লোকজন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখায় তার নামে কাগজপত্রাদি দাখিল করে ২০১৩ সালে  লোন হিসেবে আড়াই কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেন। ফলে বিগত প্রায় চার বছরে ওই ঋণ হিসাবের বর্তমান স্থিতি সুদেমূলে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা হয়েছে।

ওই ঘটনায় তিনি ২০১৮ সালের ৯ এপ্রিল দুদকে আবদেন করেন। তবে সেখানে সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।