কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ ইসমাইলের মনোনয়নপত্রের বৈধতা দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে তার অংশগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১২ ডিসেম্বর) এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ২৯ নভেম্বর প্রার্থী ইসমাইলের মনোনয়নপত্রের সঙ্গে এসএসসি পাসের মূল সনদ দাখিল না করায় তার আবেদন খারিজ করে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম। পরে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে আপিল করলে সেটিও গত ৫ ডিসেম্বর খারিজ হয়ে যায়। এরপর প্রতিকার চেয়ে ইসমাইল হাইকোর্টে রিট দায়ের করেন।