মিরপুরে কাঁচাবাজার ও ফলের আড়তে চাঁদাবাজি করায় গ্রেফতার ৬

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে কাঁচাবাজার এবং ফলের আড়তে চাঁদাবাজির সময় হাতেনাতে ছয় জনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৮ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে তাদের ধরেছে এই বাহিনীর সদস্যরা। র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতার হওয়া ছয় জনের নাম রমজান (২৮), মো. ঝন্টু (৩৫), আবু সাঈদ (২৮), আলমগীর হোসেন (৩৮), জুয়েল হাওলাদার (২৯) ও মেহেদী হাসান (২০)। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের দাবি, চাঁদাবাজির সময় হাতেনাতে ছয় জনকে গ্রেফতার করা হয়। অভিযানে চাঁদাবাজির প্রায় ৭ হাজার টাকা জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সারাদেশ থেকে আসা ফলের ট্রাক এবং পিকআপ থেকে গাড়িপ্রতি ১০০-২০০ টাকা করে চাঁদা নিতো চাঁদাবাজরা। তাদের এই চাঁদাবাজির পেছনে কার ইন্ধন রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।