অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২২ ডিসেম্বর) রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার জামালদিখান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত সাব্বির। চলতি বছরের জুলাই মাসের ১১ তারিখ আশুলিয়া থানাধীন বাইপাইলের শান্তিনগর এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই এজাহারনামা এক নম্বর আসামি সাব্বির হোসেন পলাতক ছিল।