দেওয়ানগঞ্জ পৌরমেয়রের বিরুদ্ধে মাদক আইনে র‌্যাবের মামলা

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদক আইনে মামলা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এটি দায়ের করেছে। মামলা নম্বর ১৩। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন আজ রাতে তথ্যটি নিশ্চিত করেন।

রাজধানীর উত্তরা পূর্ব থানা মাদক নিয়ন্ত্রণ আইনের বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে সাময়িক বরখাস্ত পৌরমেয়রকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি দায়িত্ব পালনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখান। এ ঘটনায় তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী। এরপর পৌরমেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করে গত ২০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌরসভা-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। একইদিন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়।