চাঁদাবাজির সময় র‌্যাব সদস্যসহ আটক ৫



Narayanganj Rab (2)নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের একজন সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে  নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর একটি দল ওই অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের মধ্যে হুমায়ূন কবির (৩০) রংপুরে অবস্থিত র‌্যাব-১৩ এর কনস্টেবল পদে কর্মরত। তার সঙ্গে গ্রেফতার হওয়া অপর ৪ জন হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদি গ্রামের শাহিদা বেগম (৪৫), একই থানার ভাটেরচর গ্রামের মো. আমজাদ (৩২), রংপুর জেলার কোতোয়ালি থানার জানকি ধাপের হাট গ্রামের মো. মাহবুবুল ইসলাম (৩০) ও একই জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর বালাপাড়া গ্রামের মো. হাসানুজ্জামান (২৪)।তারা সবাই পরস্পরের আত্মীয়স্বজন বলে জানা গেছে।এ সময় চাঁদাবাজি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আটক ৫ জনের মধ্যে মাহবুবুল ইসলাম হলেন মাইক্রোবাস চালক (ঢাকা মেট্টো-চ-৫৪-১২৯৩), মো. হাসানুজ্জামান ওই গাড়ির মালিক। আমজাদ হলেন কনস্টেবল হুমায়ূন কবিরের সহযোগী, আর শাহিদা হলেন আমজাদের শাশুড়ি।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মাস আগে আষাঢ়িয়াচর এলাকার মো. মহসিন দয়াল (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে র‌্যাবের কনস্টেবল হুমায়ূন কবির। তখন মহসিনকে জানানো হয়, তার বিরুদ্ধে র‌্যাব-১১তে অভিযোগ রয়েছে। তাকে (হুমায়ূন কবির) তদন্তের ভার দেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসা করতে বিনিময়ে তাকে কিছু টাকা দিতে হবে, অন্যথায় র‌্যাব-১১ এর সদস্যরা তাকে ধরে নিয়ে যাবে এই মর্মে হুমায়ূন ভয় দেখায় মহসিনকে। এতে কনস্টেবল  হুমায়ুনের প্রস্তাবে রাজি হয়ে গত ৫ মাস ধরে বিভিন্ন সময়ে সাড়ে ৩ লাখ টাকা প্রদান করেন মহসিন। পরে গত ৯ ফেব্রুয়ারি মহসিন বিষয়টি চাঁদাবাজির বুঝতে পেরে র‌্যাব-১১কে জানান। তখন র‌্যাব কর্মকর্তারা ভবিষ্যতে কোনও আর্থিক লেনদেনের বিষয়ে তাদের জানাতে  বলেন।
Narayanganj Rab (1)প্রেস বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়েছে, এ অবস্থায় শনিবার দুপুরে হুমায়ূন কবির রংপুর থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-৫৪-১২৯৩) ভাড়া করে দলবল নিয়ে সোনারগাঁয়ে যায়। এবং তারা  মহসিনের কাছে আবারও ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এর আগেই মহসিন র‌্যাব-১১ কে বিষয়টি জানায়। দুপুর ২টায় আগে থেকে সজাগ থাকা এএসপি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে র‌্যাব-১১ এর একটি  দল টাকা লেনদেনের সময় হুমায়ূনকে দলবলসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মহসিন বাদী হয়ে চাঁদাবজির মামলা করেছেন এবং সেই মামলার সূত্র ধরে তাদেরকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।


/জেবি/ এএইচ/টিএন/এআর/আপডেট-এপিএইচ/