মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের আর্কাইভ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভুঁইয়া। তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এই প্রতিবেদককে নোটটি পড়ে শোনান।
সুইসাইডাল নোটে জাহাঙ্গীর লিখেছেন, ‘ম্যানেজার প্রায়ই আমায় বকাবকি করতো। আমি এই কাজ (আত্মহত্যা) করতে চাইনি। তারপরও বাধ্য হলাম। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তখন আমাকে ছুটি দেওয়া হয়নি। আমি অফিসে আসার পর আমাকে ম্যানেজার বকাবকি করেছে। আমি অনার্সে পড়ি, আমি বড় হয়ে ব্যাংক কর্মকর্তা হতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। এখানে স্যালারি কম। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও।’
এসআই বলেন, আমরা দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ৯২, আরামবাগের কাবিলা ভবনের ইস্টার্ন ব্যাংকের চতুর্থতলার আর্কাইভ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করি। তার সুরহতাল তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে এসআই উল্লেখ করেন, আর্কাইভ কক্ষের উত্তর-পশ্চিম পাশের আগুন নেভানোর যন্ত্রের হুকের সঙ্গে গলায় দড়ি দিয়ে জাহাঙ্গীর আলম ঝুলছিলেন। তার ছোট ভাই আব্দুল্লাহর উপস্থিতে লাশ নামানো হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ১০ নম্বর দিলকুশা মতিঝিলের ক্লিনার সুমন মেইনটেনেন্স কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। মতিঝিলের ইস্টার্ন ব্যাংক শাখায় তার দায়িত্ব ছিল। সেখানেই তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন। ওই ক্লিনার কোম্পানির ম্যানেজার ওমর আলম ওরফে বেলাল (৪৫) তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ও বেতন কর্তনের হুমকি দেওয়ায় তা সহ্য না করতে পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। তিনি মুগদা এলাকায় স্ত্রী বন্যাকে নিয়ে ভাড়া থাকতেন। তারা নয় মাস আগে বিয়ে করেন। সরকারি কবি নজরুল কলেজে তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জাহাঙ্গীরের স্ত্রী বন্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যানেজার প্রায়ই বকাবকি করতেন। এতো কষ্টের মধ্যে সে কাজ করতে পারলো না। সে সবকিছু মেনে চাকরি করার চেষ্টা করছিলো। আজ সকালে বাসা থেকে বের হয়ে সে ডিউটিতে আসে। তারপর কী যে হলো আমি কিছুই বুঝতে পারছি না।’
এসআই আবু তাহের ভুঁইয়া বলেন, ‘আমরা ম্যানেজারকে আটক করেছি। জাহাঙ্গীরের স্বজনরা মামলা দায়ের করবেন। এটি আত্মহত্যায় প্ররোচণার অপরাধ। স্বজনরা যেভাবে অভিযোগ করবেন, সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পুলিশ একটি ইউডি মামলা দায়ের করবে।’
/এআরআর/এজে/