নাশকতার মামলায় খালেদাসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২ মে

আইন-আদালতনাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ মে দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত।
বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তা না আসায় আদালত এ নতুন দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দেন, যা ঘোষণার পর থেকে এ কর্মসূচি ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এ কর্মসূচি চলাকালে বিভিন্ন যায়গায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে। আদালত মামলাটি আমলে নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
টিএইচ/এজে