এর আগে গত ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছিলো। নির্দিষ্ট সময়ে আইনি নোটিশের জবাব না পাওয়ায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন।
এ বিষয়ে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত সহায়তা করতে আমি ইচ্ছুক। তবে যে সহায়তা তারা চাইছেন, তা তাদের আইনি এখতিয়ারে পড়ে না। এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনও আইনি সুযোগ পুলিশের নেই।’ তিনি বলেন, ‘এসব তথ্যের অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এছাড়া, এসব তথ্য যদি কোনও ভুল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে পড়ে, তাহলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হতে পারে।’
উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক পৃষ্ঠার একটি ফরম ভাড়াটিয়াদের পূরণ করতে দেওয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার অন্যান্য সদস্য, গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।
/ইউআই/এমএনএইচ/