জোড়া খুন: সাংসদ পিনু খানের ছেলে রনির বিচার শুরু

বখতিয়ার আলম রনিরাজধানী জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়েই তার বিচার শুরু হলো।
রোববার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক শামছুন্নাহার বেগম এই অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১১ এপ্রিল দিন ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু আসামির অব্যাহতির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম জাহিদ সরদার বলেন, আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন, আদালত অভিযোগ গঠন করে তা আসামিকে পড়ে শোনান।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটন রোডে রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে।

২০১৫ সালের ২১ জুলাই তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস রনিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

টিএইচ/এজে