ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত দেড়টা থেকে রবিবার বিকাল ৫টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রবিবার বিকাল সোয়া ৪টার দিকে আজাহার হোসেন (৪৩) নামে হলি ফ্যামিলি হাসপাতালের এক কর্মকর্তা ওয়ারলেস রেলগেটে ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সময়ে তেজগাঁওয়ের তেজকুনীপাড়া এলাকায় বাবার কাছে বেড়াতে এসে জহিরুল ইসলাম জয় (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ট্রেনে কাটাপড়ে নিহত হয়েছে। তার বাবার নাম দাউদ হোসেন। তিনি কাঁচামালের ব্যবসা করেন। বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে ঝালমুড়ি কিনে রেললাইন পার হওয়ার সময় সে ট্রেনে কাটা পড়ে।
রাজধানীর দক্ষিণখানের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শাহজাহান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহতের নাম কামাল ওরফে পুলিশ কামাল। সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
তুরাগের কাউনিয়াবাদ এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছেন। নিহতের নাম তানজিলা খাতুন তিথি (১৮)। চার মাস আগে তার বিয়ে হয়। তিনি তার বাবা-মায়ের সঙ্গেই তুরাগের বাসায় ছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশের ময়নাতদন্তের পর পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক।
মিরপুরের মনিপুর এলাকার মোল্লাপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে হুমায়ুন কবীর (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসাটির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কাওলা বাসস্ট্যান্ডে গাড়ি চাপায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর পৌনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে বর্ধিত পল্লবীর রূপনগর এলাকার একটি বাসা থেকে আশীক ইবনে মাহমুদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাত দেড়টার দিকে রামপুরার বনশ্রীর বি-ব্লকের ৩ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসার কেয়ারটেকার মোজাম্মেল হকের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নারিন্দা চৌরাস্তার ঘোয়াল ঘাট এলাকায় ট্রাকচাপা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়। অপর দিকে খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত এ দুজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/এআরআর/এমও/এএইচ/