জাবি ছাত্রশিবিরের সভাপতিসহ আটক ১৪





আটকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আজাদুল ইসলাম আদনানসহ ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে গৌরনদী পুলিশ। রবিবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে বরিশালের গৌরনদীর একটি মাদ্রাসা থেকে  তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও জব্দ করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলা উদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
আটককৃতদের মধ্যে গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সবুজ হাওলাদার ও পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি বায়েজীদ মাতব্বরও রয়েছেন। আটক জাবি শাখা শিবিরের সভাপতি আজাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ৪৩৪ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, আটককৃতদের নাশকতার পরিকল্পনা ছিল। আটক আজাদুল ইসলাম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নন, তিনি রংপুর জেলা শিবিরের দায়িত্বেও ছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে শিবিরকে সংঘবদ্ধ করছিলেন। তবে, আটককৃতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
/এমএনএইচ/