চেক ডিজঅনার মামলা: নায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে সমন জারি

সাড়ে চার লাখ টাকা চেক ডিজঅনারের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রুবিনা নিঝুমের পরিচিত সুরভী বেগম মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

তিনি বলেন, এরআগে রুবিনা নিঝুম, তার স্বামী রাহূল, শ্বাশুড়ি মহিমা বিবি ও দেবর দেবর নান্নু মিঞার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। চেক ডিজঅনারের আরেক মামলায় চার আসামিকে আদালতে হতে সমন জারি রয়েছে। আজকে তৃতীয় মামলায় রাহূলকে একমাত্র আসামি  করা হয়ে।

এই আইনজীবী বলেন, রুবিনা নিঝুম ও তার স্বামী টাকা আত্মসাৎ করে কাতার পালিয়ে গেছেন বলে জেনেছি। তারা কাতার থেকে লাইভে এসে একথা জানিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, রাহূল ব্যবসা সম্প্রসারণের কথা বলে সুরভীর কাছে সাড়ে চার লাখ টাকা ধার চান। পূর্ব পরিচিত হওয়ায় বাদী তাকে টাকা ধার দেন। গত ১০ মার্চ টাকার বিপরীতে রাহূল তার বোনের মাধ্যমে সুরভীকে সাড়ে ৪ লাখ টাকার একটি চেক প্রদান করেন। সুরভী চেকটি নগদায়নের জন্য জমা দিলে— পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। গত ২০ মার্চ সুরভী রাহূলকে লিগ্যাল নোটিশ পাঠালে তিনি টাকা পরিশোধের কোনও উদ্যোগ নেননি। চেক ডিজঅনারের বিষয়ে তাকে অবগত করলে টাকা ফেরত দেবেন বলে জানান। তবে টাকা ফেরত দেননি।

প্রতারণা করে সাড়ে ১২ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা নিঝুম, তার স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে ওইদিন তারা হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর এই চার আসামির বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করা হয়। আজ রাহূলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হলো।