স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা হলেন- এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)।
সোমবার (৮ জুন) মাদারীপুর সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মন্ত্রণালয় জানায়, আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার পর পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা সমতা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমে যুক্ত ছিলেন। তদন্তে নিম্নমানের ও নষ্ট খাদ্যসামগ্রী সরবরাহের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
পরে মাদারীপুর সদর থানা পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে।
উল্লেখ্য, মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসককে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।