সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দুবাই পুলিশ তার গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে।
শুক্রবার (১২ জুন) দুবাই পুলিশের কাছ থেকে বেনজীর আহমেদকে গ্রেফতারের তথ্য পায় বাংলাদেশ পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জহিরুল হুদা বাংলা ট্রিবিউনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।
দুর্নীতি ও অর্থপাচার মামলা
২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থপাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা-বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।
চলতি বছরের ৩ মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং ১৩ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ ও গুমের মামলা
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামির মধ্যে বেনজীর আহমেদ অন্যতম। তিনি বর্তমানে এই মামলায় পলাতক হিসেবে চিহ্নিত।
অন্যান্য উল্লেখযোগ্য আইনি পদক্ষেপ
ইন্টারপোল রেড নোটিশ: মানবতাবিরোধী অপরাধ এবং অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়েছে।
সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ: আদালতের নির্দেশে বাংলাদেশে তার ও তার পরিবারের নামে থাকা ৬২১ বিঘা জমি, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন শেয়ার জব্দ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তার নামে থাকা স্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার ওপর নিষেধাজ্ঞা (Magnitsky Act) আরোপ করে রেখেছে।