‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
শুনানিকালে তিনি এ মামলার অগ্রগতি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরে শহীদুল ও আসাদুজ্জামানকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।
একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনি সময় আবেদন করেন। শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে পুলিশের সাবেক এই দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশন জানায়, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।