রাজধানীর ওয়ারীর থানায় প্রতারণার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এতথ্য নিশ্চিত করেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান।
আবেদনে বলা হয়, এই মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ উদ্দিন তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটির সুষ্ঠু তদন্ত স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতানামে আসামি করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসাবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেন সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলা গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এই পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।