রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া অন্য দু’জন হলেন- আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি মিরপুর-পল্লবী এলাকায় বিভিন্ন কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ অন্যতম।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবীর একটি এলাকায় পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ইমনসহ ৭-৮ জন এ ঘটনায় জড়িত ছিল।
র্যাব আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রুপ এলাকায় সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার পর র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।