বংশালের আবাসিক হোটেলে বিবস্ত্র যুবকের মরদেহ

পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজারের একটি আবাসিক হোটেল থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিদ্দিক বাজারের ‘ঢাকা প্যালেস’ নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামিম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামে। তার বাবার নাম মৃত আবুল কাশেম।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানা গেছে, গত ঈদের পর থেকে ওই হোটেলেই ভাড়া থাকতেন শামিম। কোনো কাজকর্ম না করলেও ভাইয়ের জুতার দোকান থেকে টাকা নিয়ে চলাফেরা করতেন।

আবাসিক হোটেলের মালিক মো. আবদুল কাদির পুলিশকে জানিয়েছেন, বুধবার (২৪ জুন) রাত থেকেই হোটেলের কক্ষটি বন্ধ ছিল। পরে বৃহস্পতিবার সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজায় ধাক্কা দিলে তিনি দেখতে পান, ওই ব্যক্তি বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

নিহত ব্যক্তির বড় ভাই মোশারফ হোসেন জানান, আমার ছোট ভাই কোনো কাজকর্ম করত না। আমার কাছ থেকে হাতখরচ নিয়ে চলত। প্রায় ১০ বছর আগে সে বিয়ে করেছিল। বিয়ের দুই মাসের মধ্যেই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবে আমার ভাই নিয়মিত ইয়াবা সেবনে আসক্ত ছিল। এ কারণে তাকে ২০১৮ সালে বাসা থেকে বের করে দেন আমার বাবা। পরে আজ কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারি, আমার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছে।

পুলিশ সূত্র বলছে, অতিরিক্ত মাদক সেবনে শামিমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।