রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতার ব্যক্তিরা ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর। তাদের নাম- কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)।
শনিবার (২৭ জুন) ভোরে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা রাঙামাটি থেকে বাসে ঢাকায় আসেন।
ডিএনসির ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাঙামাটি থেকে বাসে করে যাত্রীবেশে ইয়াবা নিয়ে আসার তথ্য পেয়ে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হচ্ছিলো। একপর্যায়ে রাঙামাটি থেকে ঢাকায় আসা একটি যাত্রীবাহী বাস থেকে ওই চারজনকে আটক করে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সম্পর্কে আত্মীয়-স্বজন। একে অপরের সাহায্য করার মাধ্যমে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিলেন।