আসলের মতো দেখতে ৪০ লাখ টাকার জালনোট, লেখা ছিল ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’

রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে আসলের মতো দেখতে প্রায় ৪০ লাখ টাকার জালনোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। উদ্ধার হওয়া নোটগুলোর সবগুলোতেই একই সিরিয়াল নম্বর ছিল। তবে নোটের পেছনে ছোট অক্ষরে লেখা ছিল—‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন মোতালেব প্লাজার পঞ্চম তলায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্র জানায়, মোতালেব প্লাজায় কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জালনোট লেনদেন করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নোটগুলো দেখতে প্রায় আসল টাকার মতোই। তবে সব নোটে একই নম্বর ব্যবহার করা হয়েছে। নোটগুলোর পেছনে ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’ লেখা থাকলেও সেগুলো বাজারে ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে শাহবাগ থানার পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা নোটগুলো কোথায় এবং কীভাবে তৈরি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।