তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনমনে বিভ্রান্তি দূর করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
ডিএমপি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার হওয়া সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনও ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ-সংক্রান্ত অন্য কোনও ঘটনার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও দায়ের হয়নি।
বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনও সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে ওই দুই থানার কোনও সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনও অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া এই ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে ডিএমপি। সংস্থাটি বলছে, কোনও গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরণের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো।