জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ সদর দফতরে ভার্চুয়ালি অনুষ্ঠিত মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা। পুলিশ সদর দফতর থেকে অংশ নেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় অতিরিক্ত আইজিপি মামলা তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, পেশাদারত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।
দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।
সভায় মে ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর, মামলা তদন্তের অগ্রগতি, বিচার ও সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।