শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানা-পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় কোনও অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আটক শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।